তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ)-এর জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত মিডিয়া সম্মেলন এক নতুন যুগের সূচনা করবে।
এবিইউ-এর তৃতীয় গণমাধ্যম সম্মেলন উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বুধবার সকাল ১০টায় তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।
তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুণ-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসিরউদ্দিন আহমেদ ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার বক্তৃতা করেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য তথ্য : জীবন বাঁচাতে গণমাধ্যম’ নির্ধারণ করা হয়েছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, গবেষকদের অভিমত- জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজ দুর্যোগ ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। তবে সেই সঙ্গে প্রয়োজন জনগণের স্বতস্ফূর্ত ও সচেতন অংশগ্রহণ। আর এখানেই গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।
তিনি বলেন, সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিনিধির সাথে দেশীয় দুইশতাধিক অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৮টি অধিবেশন পরিচালিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, এ অধিবেশনগুলোর বিষয়বস্তু ও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে ‘কী করণীয়’ তা তুলে ধরে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন করা হবে।
তিনি বলেন, এই ‘ঢাকা ঘোষণা’কে মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভূক্তির জন্য পাঠানো হবে। বাসস
ইত্তেফাক/ইউবি