এক পরিবারে চার প্রতিবন্ধী

 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের পৌর এলাকার ঘাটাইল পশ্চিম পাড়া গ্রামে একই পরিবারে চারজন প্রতিবন্ধী! এ গ্রামের দিন মজুর জাহাঙ্গীর ও স্ত্রী বিনা বেগমের তিন সন্তান মিলে পাঁচ সদস্যের পরিবার তাদের। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে বাবাসহ চার সদস্যই প্রতিবন্ধী।
 
বিনা বেগমের বয়স যখন ১০ বছর তখন বাক প্রতিবন্ধী জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়। ২০ বছরের সংসার তাদের। বিয়ের ১০ বছর পর তাদের প্রথম কন্যা সন্তান জাহানারা (১৪) জন্ম হয়। তার পরে জন্ম নেয় বিজয় (১০) ও তানিয়া (০৭)। তাদের সংসারে জন্ম নেয়া তিন সন্তানের প্রত্যেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিন ভাই বোনের মধ্যে জাহানারা স্থানীয় ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী, ছোট ভাই বিজয় উপজেলার চাঁন্দশী প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং ছোট বোন তানিয়া একই বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।
 
প্রতিবন্ধী হওয়া স্বত্বেও থেমে নেই জীবন সংগ্রামের পথ চলা। পরিবারের প্রধান জাহাঙ্গীর একজন দিন মজুর মজুরের কাজ করেই চালাচ্ছেন তার সংসার ও ছেলে মেয়ের লেখাপড়া খরচ। তাচ্ছিল্য আর দারিদ্রে জর্জরিত হয়ে জীবন সংগ্রাম করে জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর। পরিবারটির ভাগ্যে জুটেনি কোন সরকারি সাহায্য সহযোগিতা। রাষ্ট্র কর্তৃক প্রতিবন্ধী ভাতার প্রচলন থাকলেও সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হলে চার প্রতিবন্ধীর মধ্যে ভাতা পায় মাত্র একজন। পরিবারের  একজন ছাড়া আর কোনো সদস্যের নাম নেই প্রতিবন্ধীর ভাতার তালিকায়। খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে প্রতিবন্ধী এ পরিবারটি।
 
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার সানজিদা সুলতানার  বলেন, 'আমরা বিষয়টি জেনেছি। আমারা ওই পরিবারের সাথে কথা বলেছি। আশা করছি এই অর্থ বছরেরই পরিবারটির জন্য একটি ব্যবস্থা করতে পারবো।' উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীনের  সাথে যোগাযোগ করা হলে তিনি সরকারের পক্ষ থেকে ওই পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
ইত্তেফাক/জামান