ধুনটে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আজিমুদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৫৬) ও শৈলমারি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রুবেল আকন্দ (৪৫)।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আব্দুল লতিফের বিরুদ্ধে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন একই এলাকার এক গৃহবধূ। ওই মামলায় ২৩ এপ্রিল লতিফের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া রুবেল আকন্দের বিরুদ্ধে ২০১৪ সালে পারিবারিক আইনে আদালতে পৃথক একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর রুবেলের বিরুদ্ধে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। ফলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়িতে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্ততে তাদের গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/পাভেল