এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু ওয়াকা

আগামী ডিসেম্বরে এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটির ভেন্যু হিসেবে ওয়াকাকেই বেছে নিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ান সরকার। পার্থ স্টেডিয়ামটি সময়মত প্রস্তুত না হবার শঙ্কায় পার্থ টেস্টটি ঐতিহ্যবাহী ওয়াকাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
এ সম্পর্কে পশ্চিম অস্ট্রেলিয়া ক্রীড়া মন্ত্রী মিকি মারে বলেছেন বার্সউডে ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি তৃতীয় টেস্টের আগে পুরোপুরি প্রস্তুত করা যাবে না। সে কারণেই ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ম্যাচটির ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে। ইতোমধ্যেই পার্থ টেস্ট ছাড়া অন্যান্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। 
 
গত মাসে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে প্রায় ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে নির্মিতব্য পার্থ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো এখনো ভালভাবে প্রস্তুত হয়নি। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ান সরকার জানিয়েছে পূর্ব পার্থ ও বার্সউডের মধ্যে প্রস্তাবিত নতুন ফুট ব্রীজটির বাজেট নির্ধারিত মূল্যের তুলনায় বেশ খানিকটা ছাড়িয়ে গেছে। সে কারণেই নির্মাণ প্রক্রিয়ায় ধীর গতি দেখা গেছে। নির্মাণ ব্যয় বাবদ এর বাজেট ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ধরা হলেও তা বর্তমানে ছাড়িয়ে গেছে। 
 
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আশা করছেন পার্থ স্টেডিয়ামেই এ্যাশেজের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাসস।
 
ইত্তেফাক/রেজা