নাটোরে চলছে বউ মেলা

নাটোরের সিংড়ার বিয়াশ গ্রামে বুধবার সকাল থেকে দিনব্যাপী চলছে বিয়াশ বউ মেলা। প্রতিবছর বিয়াশ কালিমাতার মেলার পরের দিন একই স্থানে দিনব্যাপী নারী ক্রেতাদের উৎসব মুখর কেনা-বেচায় অনুষ্ঠিত হয় বউ মেলা।
 
 ৩২তম এই বউ মেলার বড় আকর্ষণ এখানে ক্রেতাদের সবাই মহিলা। পুরুষ মানুষদের এখানে প্রবেশ নিষেধ। বিয়াশ এবং পার্শ্ববর্তী প্রায় ১০/১২টি গ্রামের বউ ঝি এই মেলায় আসেন এবং নিজের ইচ্ছামত কেনা কাটা করেন।
 
মেলার আয়োজক আওয়ামীলীগ নেতা সিরাজুল মজিদ মামুন বলেন,গতকাল ছিল মুল মেলা। মঙ্গলবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বুধবার বউ মেলায় সাধারণ মেয়েরা যাতে স্বস্তিতে কেনা-কাটা করতে পারে সেজন্য কমিটির পক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমি নিজে মঙ্গলবার মেলা পরিদর্শন করেছি। সেখানকার মানুষ উৎসব মুখর পরিবেশে মেলার আনন্দ উপভোগ করেছে। আজকের বউ মেলায় পুলিশের সজাগ দৃষ্টি থাকবে।
ইত্তেফাক/সাব্বির