বন্যায় ক্ষতিগ্রস্তদের ভিজিএফ কার্ডের তালিকা প্রণয়নে অনিয়মের জের ধরে বুধবার নেত্রকোনার মদন উপজেলার মদন দক্ষিণ পাড়ায় দু'পক্ষের সংঘর্ষে নারী-শিশু ও পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়েছেন।
এ সময় পৌর মেয়র, কাউন্সিলর, আশেপাশের গ্রামের মাতব্বরগণ সহ প্রায় দুঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পুলিশ ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রফিকুল, মনি, রিফাত এর অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত এএসআই হানিফ, পুলিশ সদস্য আকরাম ও বাকী আহতরা মদন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের ভিজিএফ এর কার্ডের তালিকা প্রণয়নে মদন ইউপি সদস্য মানিক মিয়া অনিয়ম করলে একই গ্রামের জহিরুল, রহুলআমিনসহ কয়েকজন বিভিন্ন কর্তৃপক্ষের বরাবর চলতি মাসে একটি অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে মানিকের সঙ্গে আহাদ গ্রুপের দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুধবার বিকাল আড়াইটা সময় এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ ঘটে। মদন থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, ওই সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।
ইত্তেফাক/জামান