জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ দলে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা সবাই এক। পার্টির চেয়ারম্যানের যে কোনো সিদ্ধান্ত সবাই মেনে নেন।’ দলের অঙ্গ-সংগঠন জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তার পাশে মঞ্চে সম্প্রতি দলের কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে অপসারিত হওয়া জিএম কাদেরও উপস্থিত ছিলেন।
এরশাদের বিরুদ্ধে থাকা সকল মামলাকে ‘রাজনৈতিক’ দাবি করে রওশন বলেন, তিনি (এরশাদ) দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। যাতে তিনি মাথা উঁচু করে রাজনীতি করতে না পারেন। এরশাদের শাসনামলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। চক্রান্তকারীদের কারণে কয়েক বছরের মাথায় তাকে জীবন দিতে হয়েছে। ফলে তিনি দেশের উন্নয়ন করে যেতে পারেননি। এরশাদের শাসনামলেই দেশের উন্নয়ন হয়েছে। তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে।
যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম, জিএম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুবসংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি কাকরাইল হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।