ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানা যায়, সরাইল উপজেলা সদরের বৈকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মহরম আলী (৫৮)। একই গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৩৫) বৈকাল বাজারের একজন ব্যবসায়ী। বাজারের নৈশপ্রহরীর মাসিক বেতনের টাকা আদায় নিয়ে গত মঙ্গলবার বিকেলে মহরম আলী বাবুল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে বুধবার দুপুর একটার দিকে সৈয়দটুলা গ্রামের ফকির পাড়া ও পশ্চিম পাড়ায় দু'দলে বিভক্ত হয়ে রামদা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে আধা ঘণ্টা পর বাজারের পরিস্থিতি শান্ত করেন। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন বাজার এলাকা ছেড়ে সৈয়দটুলা গ্রামে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, ৫৪টি রাবার বুলেট ও ১১টি টিয়ার গ্যাস ছোঁড়ে বিকেল পৌনে তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান চঞ্চল মিয়াকে জেলা সদরে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যরা পুলিশি গ্রেফতার এড়াতে আহতরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/জামান