কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষিতার বাবার নিকট টাকা দাবি করে ধর্ষকরা।
এতে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা ভিডিওচিত্র প্রবাসে থাকা ধর্ষিতার স্বামীর নিকট পাঠিয়ে দেয় এবং তা ইন্টারনেটেও ছেড়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষকরা ভিকটিম ও তার পরিবারকে বিষয়টি আপোষ করতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ওই গৃহবধূর বাবাকে চাপ সৃষ্টি করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার সময় পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ওই উপজেলার মোশাররফ হোসেন ওরফে রনি, হারুন অর রশিদ, মিজান ওরফে মিজান কসাই ও জয়নাল আবেদীন। এ ঘটনায় বুধবার দুপুরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
থানার ওসি মনোয়ার হোসেন জানান, ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের বাবাকে চাপ সৃষ্টি করে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান