রুশ হস্তক্ষেপের তথ্যের জন্য ট্রাম্পের সাবেক উপদেষ্টাকে তলব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে তলব করেছে দেশটির এক সিনেট প্যানেল। তারা আনুষ্ঠানিকভাবে ফ্লিনের কাছে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তথ্য দাবি করেছে।
 
ওই সিনেট ইন্টেলিজেন্স কমিটি জানিয়েছে, ফ্লিন স্বেচ্ছায় তদন্তকাজে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন। রুশ কূটনীতিকদের সঙ্গে আলোচনার তথ্য প্রকাশ করতে রাজি না হওয়ায় গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ার জন্য গত ২৮ এপ্রিল ফ্লিন বরাবর অনুরোধ করা হয়। কিন্তু ফ্লিন সেসব দিতে অপারগতা জানালে ইন্টেলিজেন্স কমিটি তথ্য দাবি করে সাপিনা (হাজিরা দেয়ার সমন) জারি করে।
 
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফ্লিন জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের আগে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে দেশটির কূটনীতিক সের্গেই কিসলিয়াকের সঙ্গে হওয়া আলোচনা গোপন করে হোয়াইট হাউজকে বিভ্রান্ত করেছেন, এ অভিযোগে তাকে পদত্যাগে বাধ্য করা হয়।
 
এরপর আবার গত মঙ্গলবার ট্রাম্প নিজেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন। এর কারণ হিসেবে জানানো হয়, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি তদন্ত সংক্রান্ত কর্মকাণ্ডে ত্রুটি থাকায় তাকে চাকরীচ্যুত করা হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু