দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট দপ্তরের সিনিয়র সেক্রেটারি নিয়োগ দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট দপ্তরের প্রধান স্টাফ ইম জং-সিওক সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যার দিকে নির্ধারিত মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে মুনের পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করা হবে।
প্রেসিডেন্টের বেসামরিক বিষয়ক সিনিয়র সেক্রেটারি হিসেবে ৫২ বছর বয়সী চো কুককে নিয়োগ দেন মুন। চো সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক। সংস্কারবাদী আইন বিশেষজ্ঞ হিসেবে তার অনেক খ্যাতি রয়েছে। ইহওয়া উইমেন’স ইউভার্সিটির অধ্যাপক চো হিউন-ওককে প্রেসিডেন্টের সিনিয়র ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়। এ পদে এই প্রথমবারের মতো কোন নারীকে নিয়োগ দেয়া হলো।
নেভারের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ইয়ন ইয়ং-চানকে সিনিয়র প্রেস সেক্রেটারি এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা লী জং-দু জেনারেল অ্যাফেয়ার্স বিষয়ক সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে প্রেসিডেন্ট দপ্তরের প্রধান স্টাফ জানান, মুন তার দপ্তর পুনর্গঠন করবেন।
ইত্তেফাক/সাব্বির