রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কামরুজ্জামান রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
কামরুজ্জামান রুবেলের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে। তিনি রাজধানীর মিরপুরে থাকতেন। রুবেল গুলশান-১ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলা লায়নে কাজ করতেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
রুবেলর সহকর্মী সোহেল মাহমুদ জানান, সকাল সোয়া ৯টার দিকে রুবেল অফিসে যাওয়ার জন্য একটি বাসে উঠার চেষ্টা করেন। এ সময় তার পা ফসকে তিনি রাস্তার ওপর পড়ে গেলে ওই গাড়ির পেছনের চাকায় চাপা পড়ে রুবেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ ইউবি