ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ওহিদুল ইসলাম (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত জখম হয়েছে ইউপি কাউন্সিলর ইসমাইল হোসেনসহ আরো অন্তত ৫ জন। আহতদের যশোর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত ওহিদুল উপজেলার খামারমুন্দিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে।
বৃহস্পতিবার গভীর রাতে দুলাল মুন্দিয়া বাজারে রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম চেয়ারম্যান অপুর দেহরক্ষী।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ছাগলে পাটক্ষেত খাওয়া নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে একটি সালিশ বেঠক ছিল। এ সময় বিচার পছন্দ না হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওহিদুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে