থাইল্যান্ডে নির্বাচন নিয়ে বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি সেনাপ্রধানের

থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল আপিরাত কংসোমপং বলেছেন, সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে রাস্তায় কেউ বিক্ষোভ করে অশান্তি সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বিভিন্ন মতের মানুষ আছে। কিন্তু তাই বলে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে সেই মতভিন্নতা দূর করবে সেটা সেনাবাহিনী মনে করে না। আমরা চাই, পার্লামেন্টে বসে তারা তাদের সমস্যার সমাধান করুক। গত ২৪ মার্চ দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে বলে অভিযোগ বিরোধীদের। সাতটি বিরোধী দল দাবি করেছে, তারা জয় পেয়েছে। কিন্তু সামরিক বাহিনী সমর্থিত সরকার সেই জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এজন্য তারা রাস্তায় বিক্ষোভও করেছে। -রয়টার্স