ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কোনো স্থানকে রাজনীতি দিয়ে বিভক্ত করেন না। দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান সুযোগ ভোগ করার ব্যবস্থা করে দিচ্ছে সরকার।
শুক্রবার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বিলকেদার গ্রামে নবনির্মিত মসজিদ ও বিলকেদার থেকে বাবুলচারা পর্যন্ত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় ঈশ্বরদী উপজেলার স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, উপ-সহকারী প্রকৌশলী মোক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, অতীতে এদেশে অনেক গভর্নর, সরকার প্রধানরা দেশ পরিচালনা করেছেন। অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দেশের এমন উন্নয়ন এর আগে কোনো সরকার প্রধানই করে যেতে পারেননি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে বয়স্ক ভাতা, বিধবা ও দুস্থ নারী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম চালু করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো, রাস্তাঘাট সংস্কার, পাকা রাস্তা দিয়ে এলাকার মানুষজনের চলাচলের সুবিধা করে দেয়া সরকারের অঙ্গিকার।
ইত্তেফাক/ইউবি