পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো ভারত ও আফগানিস্তানে যে কোনও সময় বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডিরেক্টর ড্যানিয়েল কোটস। সম্প্রতি মার্কিন কংগ্রেসের সিনেট সিলেক্ট কমিটির কাছে তিনি এই সতর্কতা বার্তা দেন বলে এএফপি’র খবরে জানানো হয়েছে।
পাকিস্তান জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলো আরও শক্তি বাড়িয়ে হামলার প্রস্তুতি শুরু করেছে বলে দাবি করেন ড্যানিয়েল। ফলে ভারত ও আফগানিস্তানে যে কোনো সময় যে কোনও রকমের বড় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোটস। এই দুই দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
কোটসের দাবি, সন্ত্রাস দমনে ভারত যেভাবে যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছে সেটা পাকিস্তানের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাবও পাকিস্তানকে চাপে রেখেছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাস দমন ও জঙ্গিদের রুখতে পাকিস্তানকে বেশ কয়েক বার সতর্কও করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তাই কোটস সিনেট কমিটির কাছে জানান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে পাকিস্তান এ বার চীনকে পাশে পেতে চাইছে। আর বেইজিংও পাকিস্তানের এই আগ্রহকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে। বাসস।
ইত্তেফাক/এমআই