চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত দুই দিনের জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গানপাউডার ও ২২টি জিহাদি বইসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত বুধবার রাত থেকে দুই দিনের জঙ্গিবিরোধী অভিযানে নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫) ও মো. মোস্তফার ছেলে কামাল উদ্দীন ওরফে সরকার (৩২), বেড়াচকি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাসিম রেজা ওরফে শাহিন (২০), শ্রীরামপুর গ্রামের কেতাবুল ইসলামের ছেলে মো. ফিরোজ (২২), শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়া গ্রামের এসলামের ছেলে মো. বাবু (২২), রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩৮) ও সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া গ্রামের মো. গুটুর ছেলে আব্দুল হাকিমকে (২০) গ্রেফতার করা হয়েছে। এ সময় সাড়ে ৫২ কেজি এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে চার কেজি গান পাউডার ও ২২টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নাচোলে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ীর জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। সদর উপজেলার দেবীনগরে ভাটাপাড়ায় অভিযানকালে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হলেও তার ভাই জঙ্গি দলের গ্রেনেড সরবরাহকারী খাইরুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ইত্তেফাক/ইউবি