ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ওই গ্রামের হালিমের সঙ্গে তার ভাই খালেকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে বিরোধপুর্ণ ওই জমিতে থাকা হালিমের ডিস লাইনের তার কেটে দেয় খালেকের দুই ছেলে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, ঢাল, সড়কি রামদা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে আলেয়া খাতুন নামের এর নারীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি