মুখ বন্ধে বাড়ি, ভাতা ও কোটি ডলারের সহায়তা খাশোগির পরিবারকে

সাংবাদিক জামাল খোশোগি হত্যায় মুখ বন্ধ করতে পরিবারের সদস্যদের বাড়ি দেওয়াসহ আর্থিক সুবিধা দিচ্ছে সৌদি আরবের সরকার। খাশোগির রক্তের দাম হিসেবে সন্তানদের নানা সুবিধা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরো সুবিধা দেওয়া হবে বলে রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খাশোগির চার সন্তানকে সৌদি আরবে একটি কম্পাউন্ড দেওয়া হয়েছে যেখানে চারটি বাড়ি রয়েছে। সবচেয়ে বড় বাড়িটি তার বড় ছেলে নিয়েছেন। বড় ছেলে সৌদি আরবে অবস্থান করার কথা জানালেও অন্য তিন সন্তান বাড়িগুলো বিক্রি করে দিতে পারেন বলে জানা গেছে। একটি বাড়ির দাম ৪০ লাখ ডলারের বেশি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সন্তানরা যাতে বাবার হত্যাকান্ড নিয়ে মিডিয়ায় নেতিবাচক বক্তব্য না দেন সেই বিষয়টি নিশ্চিত করতেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। দেশটির সাবেক ও বর্তমান কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কাছ থেকে অর্থ আদায় করে সহায়তা দেওয়া হচ্ছে। গত বছর প্রত্যেক সন্তানকে মাসে ১০ হাজার ডলার করে দেওয়ার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ।