রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘‘কোনোভাবেই এ মামলা প্রভাবিত করা হয়নি। পুলিশ ২ আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। ধর্ষক ও জঙ্গি কাউকে ছাড় দেয়া হবে না।’’
শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতিতে বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ফটো গ্যালারি উদ্বোধন এবং বুড়িচং এমএ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ইসলামের পথ নয়, এটা ধর্মের পথ নয়, সমাজের পথ নয়, বিষয়টি আপনাদের সন্তানদের বুঝাবেন।’
তিনি বলেন, কোনো ধর্মেই মানুষ হত্যার স্থান নেই। যারা বলে মানুষ হত্যা করলে বেহেস্তে যাওয়া যাবে, তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত।
দেশের সাম্প্রতিক জঙ্গিবাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের যেখানে জঙ্গি আস্তানা পাওয়া যাবে সেখানেই নিস্ক্রিয় করা হবে। জলদস্যুরা যেভাবে একের পর এক আত্মসমর্পন করছে, জঙ্গিরাও বগুড়া ও পাবনাতে আত্মসমর্পন করেছে। যেখানে তারা থাকুক আত্মসমর্পন করলে প্রধানমন্ত্রী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইত্তেফাক/এএম।