বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নর্গিস বেগম উপজেলার মানিকপোটল গ্রামের ইউসুব আলীর স্ত্রী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈশবে মা-বাবা হারা নার্গিস বেগম টাঙ্গাইল শহরে এক সেনা কর্মকর্তার বাসার ঝি’র কাজ করতো। ইউসুব আলী পেশায় কাঠমিস্ত্রী। ওই সেনা কর্মকর্তার বাসায় ফার্নিসার তৈরির কাজ করার সময় নার্গিসের সঙ্গে ইউসুব আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে ইউসুবের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। তাদের দুই মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে। নার্গিস বেগমকে মানিকপোটল গ্রামে নিজ বাড়িতে মা-বাবার কাছে রেখে কাজের সন্ধানে টাঙ্গাইলে অবস্থান করেন ইউসুব আলী।
শনিবার সকাল ৮টার দিকে স্বামীর ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নার্গিসের ঝুলন্ত লাশ দেখেন পরিবারের লোকজন। তারা এ বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নার্গিস বেগমের লাশ উদ্ধার করে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না।
ইত্তেফাক/কেকে