দৌলতপুরে বাস চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ কৈপাল নামক স্থানে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার সহপাঠী গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
 
হতাহত দুই স্কুলছাত্রের বাড়ি উপজেলার তারাগুনিয়া গ্রামে। দুজনই তারাগুনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার শিকার হয় তারা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগুনিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে হাসিবুল (১১) ও আলমগীরের ছেলে জিহাদসহ (১০) বন্ধুরা মিলে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফিরছিল। কৈপাল পৌঁছালে প্রাগপুর থেকে কুষ্টিয়াগামী রাজ (মেট্রো-জ-১১-০০০১) মিনিবাসটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই হাসিবুল মারা যায়। জিহাদ গুরুতর আহত হয়। জিহাদকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিত্সকরা জানিয়েছেন।
 
এদিকে প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী। বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএম।