চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে শুরু হচ্ছে কারিকা প্রেজেন্ট গোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের নামকরা টেবিল টেনিস খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ১৮ মে সকালে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে ২০ মে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নবীন মেলা ক্লাবের সভাপতি ও টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান জামাল উদ্দিন বাবুল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- পুরুষ (দলগত), পুরুষ (একক), বালক (একক) এবং নারী (একক)।
টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান, বিকেএসপি, অরুনিমা ক্লাব, গ্রিন পয়েন্ট সিটি ক্লাব, রংপুর, নড়াইল, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার জেলাসহ দেশের নামকরা ক্লাবের খেলোয়াড়রা অংশ নিবেন। এ ছাড়া বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের টপ র্যাঙ্কিং বালক ও বালিকা এবং নারী দল অংশ নিবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। এ ছাড়া চট্টগ্রামের স্বনামধন্য ক্রীড়ানুরাগীরা উপস্থিত থাকবেন।
২০ মে শনিবার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
টুর্নামেন্টের প্রধান স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে আছে কারিকা। পাওয়ার্ড বাই- বিএম এলপি গ্যাস, কো-পাওয়ার্ড বাই ইগলু আইসক্রিম। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে- চিটাগাং ইভেন্টজ, হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে- প্যারাগন টেকনোলোজি এন্ড সার্ভিস, হেলথ পার্টনার হিসেবে থাকছে- ইপিক, বেভারেজ পার্টনার হিসেবে থাকছে- প্রাণ ফ্রুটো। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকবে- বাংলানিউজ, রেডিও টুডে, সমকাল, জিটিভি ও দৈনিক পূর্বকোণ।
সংবাদ সম্মেলনে নবীন মেলা ক্লাবের উপদেষ্টা ও মরহুম অ্যাডভোকেট গোলাম মোস্তফার সহধর্মিনী মিসেস ফাতেমা বেগম বলেন, ‘চট্টগ্রামের প্রখ্যাত আইনজীবী মরহুম গোলাম মোস্তফার নামে জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্ট করছে জেনে আমি ভীষণ আনন্দিত। উনি নিজেও একজন ক্রীড়ামোদী ছিলেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীন মেলার সিনিয়র সহসভাপতি ও সিজেকেএস টেবিল টেনিস কমিটির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চিটাগাং ইভেন্টজ এর প্রতিনিধি মো. নুরুল আমিন লাভলু, বাংলাদেশ টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন ডা. মানস চৌধুরী এবং সিজেকেএস ও নবীন মেলার উর্দ্ধতন কর্মকর্তারা।এছাড়া বিভিন্ন দলের খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠন, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আয়োজক কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি