কাশিয়ানীতে প্রেমিক যুগলের আত্মহত্যা

 
গোপালগঞ্জের কাশিয়ানীতে একই সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদরের থানা সংলগ্ন এলাকার একটি রেইনট্রি গাছ থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক শেখের ছেলে ফার্নিচার মিস্ত্রী নুর ইসলাম শেখ (২৪) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২)।
 
কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন জানান, খুকুমণি কাশিয়ানী থানা সংলগ্ন এলাকায় তার ভগ্নীপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন। নুর ইসলাম ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির যোগাড়ে হিসেবে কাজ করতেন খুকু মনির ভগ্নীপতির সঙ্গে। এরই সুবাদে খুকুমনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার রাতে তারা দু'জনে ওই বাড়িতে খাবার খায়। পরে রাতের কোন এক সময় বাড়ির পাশে বারাশিয়া নদীর পাড়ে একটি রেইনট্রি গাছে ওড়না পেঁচিয়ে দু'জনে একই সঙ্গে গলায় ফাঁস দেয়।
 
শনিবার সকালে স্থানীয়রা তাদের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান