গোদাগাড়ীর ৫ জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় নিহত ৫ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  এদিকে লাশ আত্মীয়-স্বজন গ্রহণ না করায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 
 
শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে লাশগুলো ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত করেন রামেকের ফেরনসিক বিভাগের সহকারী অধ্যাপক এনামূল হক। 
 
তিনি জানান, নিহত ৫ জঙ্গির সবাই বোমার আঘাতে মারা গেছে। এদের মধ্যে ২ জনের শরীরে বোমা ও  স্প্রিন্টার এবং তিনজনের শরীরে শুধু স্প্রিন্টারের চি‎হ্ন রয়েছে। 
 
ডা. এনামূল হক বলেন, সাজ্জাদ ও আল আমিনের শরীরের পেটের অংশে বোমা বিস্ফরণের বড় ক্ষত ও পোড়া চি‎হ্ন রয়েছে। তারা বোমা বহন করেছে বলে ধারণা করা হচ্ছে। আর বেলিয়ারা, কারিমা খাতুন ও আশরাফুলের শরীরে বোমার স্প্রিন্টারের ক্ষত রয়েছে। আশরাফুলের মাথাতেই আঘাতের চি‎হ্ন রয়েছে। তবে কোনো গুলির চি‎হ্ন পাওয়া যায়নি। নিহত জঙ্গিদের লাশ আত্মীয় স্বজন নিতে না চাওয়ায় বেওয়ারিশ হিসেবে শনিবার দুপুরে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়।
 
এদিকে পলাতক জঙ্গি সোয়েবকে ধরতে পুলিশ সাড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানান গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি।
 
ইত্তেফাক/ইউবি