ঘোড়াঘাট থেকে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গত শুক্রবার রাত ১০টার দিকে শাহিনুর আলম (৩০) নামে এক যুবককে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিনুর আলম উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল কাহারের  ছেলে। 
 
শাহিনুর আলমের ফুফাতো ভাই ইসমাইল হোসেন জানান, শাহিনুর আলম ঘোড়াশালে আরএফএল কোম্পানিতে চাকরি করে। কয়েক দিন আগে ছুটিতে আসে। শুক্রবার রাতে শ্যামলী এন্টারপ্রাইজের নৈশ কোচে ঘোড়াশালে যাওয়া জন্য কাউন্টারে যান। রাতে রানীগঞ্জ বাজারে বাস কাউন্টারের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিরামপুরের দিক থেকে একটি সাদা রংয়ের বড় মাইক্রোবাসে এসে কয়েকজন ব্যক্তি শাহিনুরকে তুলে নিয়ে বিরামপুরের দিকে রওনা দেয়।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন মুঠোফোনে জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
 
র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, শাহিনুরের পরিবার থেকে ঘটনা জানানো হয়েছে।  তবে  ঘোড়াঘাট থেকে কাউকে উঠিয়ে নিয়ে যায়নি।
 
ইত্তেফাক/ইউবি