পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, এক সময় বাংলাদেশকে বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর তালিকায় খুঁজে পাওয়া যেত না। এখন বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। অচিরেই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয়।
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভলিবল মাঠে শাখা ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না। সবাই মূল ধারার অর্থনীতিতে যোগ দিবে। আমরা এখানে সর্বোচ্চ বিনিয়োগ করব। আগামীতে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্ধ রাখা হবে। কারণ শিক্ষা খাতে বরাদ্দ দিলে সেই টাকা পূর্ণরূপে ফেরত আসে।
তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩২তম। আর তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের স্থান দ্বিতীয় এবং সারা বিশ্বের জুতা উৎপাদনের ১৫ ভাগ তৈরি হয় বাংলাদেশে। কিন্তু বিরোধীরা দেশের উন্নয়ন চায় না বলেই তারা না বুঝে আওয়ামী লীগের সমালোচনায় মুখর রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে ডিজিটালাইজড করা হবে। আয়কর থেকে শুরু করে সকল কাজ টেকনোলজির মাধ্যমে করা হবে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফ। কুবি শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জঙ্গিমাতা খালেদা জিয়া দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর বিএনপি জঙ্গিবাদের সৃষ্টি করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘ছাত্রলীগকে সক্রিয় থাকতে হবে। জামায়াত বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি জামায়াত এ নির্বাচন যাতে বানচাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
ইত্তেফাক/ইউবি