রাজধানীর মধ্য বাড্ডায় স্বামীর ইটের আঘাতে স্ত্রী তাহামিনা আক্তার মাক্কি (৪৫) খুন হয়েছেন। তার স্বামীর নাম শাহ আলম। এ ঘটনায় স্বামী শাহ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, তাহমিনা আক্তারের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার শীধলকুড়া গ্রামে। নিহত তাহমিনা আক্তার মাক্কি’র স্বামী শাহ আলম ফুটপাতে দর্জির কাজ করতেন এবং তাহমিনা স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তারা গত ১৫ বছর যাবৎ পরিবার নিয়ে ৬১২ নম্বর মধ্য বাড্ডা এগারো স্বরণী’র রানী কাউছারদের টিনসেট বাড়িতে ভাড়া থাকতো। গত শুক্রবার রাতে ছোট ছেলে ইব্রাহীমকে (১২) নিয়ে স্বামী স্ত্রী এক রুমে ঘুমাতে যায়। শনিবার ভোরে চিৎকারের শব্দ শুনে পাশের রুমে থাকা দুই ভাই বোন তাহমিনার ঘরের দরজা ধাক্কায়। পরে ইব্রাহীম দরজা খুলে দেয়। ভিতরে ঢুকে দেখে তাদের মা তাহমিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল আজ জানান, শনিবার ভোর রাতে মধ্য বাড্ডার একটি টিনসেট বাসায় তাহমিনার স্বামী শাহা আলম তার স্ত্রীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে। নিহত তাহমিনার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় নিহতের স্বামী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই