সামান্য বৃষ্টিতে শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
দখল হয়ে গেছে পৌর শহরের সবগুলো ড্রেন ও খাল। পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পৌরসভার খামারিয়াপাড়াসহ অনেক এলাকা। রাস্তা ভাঙা, সবখানে নৈশবাতি নেই, যেগুলো আছে কখনও জ্বলে আবার জ্বলে না। চলাচলের জন্য ফুটপাত নেই, যেটুকু আছে তাও দখল করে নিয়েছে চটি দোকান, টং দোকান, চা দোকানসহ সিএনজি, ইজিবাইক, রিক্সা ও ভ্যান চালকরা। নামেই শুধু শ্রীবরদী পৌরসভা হলেও বাস্তবে বিন্দুমাত্র নেই উন্নয়নের ছোয়া। পানি, বিদ্যুত্, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত পৌর নাগরিক। এমনকি পানি নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌর কার্যালয়ের সামনে, মধ্য বাজার, কলাহাটি, পানহাটির রাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানে হাঁটু পানি পর্যন্ত জমা হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। বিঘ্ন সৃষ্টি হয় যানবাহন চলাচলেও।
এদিকে জলাবদ্ধতার কথা স্বীকার করে মেয়র আবু সাঈদ বলেন, এগুলো এলজিইডি এবং সড়ক ও জনপদের রাস্তা। এগুলোতে আমাদের কাজ করার সুযোগ নেই। তবে ড্রেনেজ সংস্কারের চাহিদা পত্র দেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু