গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরের কাছে শনিবার ট্রেন লাইনচ্যুত হয়ে একটি বাড়িতে সজোরে আঘাত হানলে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর পাঁচজন। ট্রেনটি এথেন্স থেকে রওয়ানা দিয়েছিল। গ্রিক রেল কোম্পানি ট্রাইনোস একথা জানিয়েছে। নিহতদের পরিচয় দেয়া হয়নি। খবর এএফপি’র।
তবে ট্রাইনোস জানিয়েছে, আহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন। ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনবাহী বগিটি একটি বাড়ির ওপর সজোরে আছড়ে পড়ে।
সন্ধ্যায় তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ট্রেনটিতে ৭০ যাত্রী ছিল। দুর্ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, থেসালোনিকি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে