বনানীর আলোচিত হোটেল 'দ্য রেইন ট্রি'তে অভিযান চালিয়েছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। আজ দুপুরে বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে অবস্থিত এই হোটেলে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমান ও বিভাগীয় কর্মকর্তা সিফাত-ই-মরিয়ম। অভিযানে ঐ হোটেল থেকে অবৈধ ১০ বোতল মদ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।
এর আগে গত শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'দ্য রেইন ট্রি'তে অভিযান চালালেও কিছুই উদ্ধার করতে পারেনি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ এই হোটেলেই জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ দুই তরুণীকে ধর্ষণ করে বলে গত ৬ মে করা একটি মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলার পাঁচ আসামির মধ্যে দুই জনকে এরই মধ্যে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইত্তেফাক/আনিসুর