বাগেরহাটের ফকিরহাটে দিন দিন বেড়েই চলেছে পরিবেশ বিনষ্টকারী পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিন ব্যাগ বিক্রয়, ব্যবহার, পরিবহন ও মজুদের ওপর বিধিনিষেধ থাকলেও স্থানীয় প্রভাবশালী কিছু অসাধু শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ী দেদারসে বিক্রি ও ব্যবহারসহ তা উন্মুক্ত স্থানে ফেলে কৃষি ক্ষেত্রে পরিবেশ বিপর্যয় ডেকে আনছে।
ফকিরহাট সদর, নওয়াপাড়া বাজারসহ আশেপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাত্র ১০ টাকার কাঁচাবাজার বা সামান্য কিছু মাছ কিনলেও বিক্রেতা খরিদ্দারের হাতে ধরিয়ে দিচ্ছেন পলিথিন ব্যাগ। সচেতনতার অভাবে দিন দিন বেড়েই চলেছে এই পলিথিন ব্যাগের ব্যবহার। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত পলিথিন যত্রতত্র ফেলে রাখায় তা পরিবেশ নষ্ট করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, অধিকাংশ খরিদ্দাররা ছোটখাট বাজার করার ক্ষেত্রে ব্যাগ আনেন না, তাছাড়া প্রতিটি নেটের ব্যাগ দুই টাকায় বিক্রি হওয়ার ফলে বাধ্য হয়েই কম মূল্যের পলিথিন ব্যাগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসটি সরবারহ করতে হয়।
পলিথিন ব্যাগ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করায় ২০০২ সালে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের ওপর বিধিনিষেধ আরোপ করেন। এ ধরনের অপরাধের জন্য অনধিক ছয় মাসের কারাদণ্ডসহ অর্থ দণ্ডেরও বিধান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন জানান, পলিথিন পচনশিল না হওয়ায় মাটির নিচে গিয়ে কৃষি কাজে ব্যাপক সমস্যার সৃষ্টি করে। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহানাজ পারভীন জানান, অবৈধভাবে পলিথিন ব্যাগের ব্যবহার ও বিক্রয় রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআই