রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন

 
ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় রফিউর রাব্বীকে সশরীরে হাজির হতে সমন জারি করেছেন আদালত। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্ত রবিবার এ আদেশ দেন।
 
আদেশে রফিউর রাব্বীকে ২৫ মে আদালতে হাজির হতে বলা হয়েছে। রবিবার দুপুরে তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি সম্পন্ন হয়। এর আগে গত  ৭ মে রফিউর রাব্বীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
৭ মে আদালতে তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রবিবার শুনানির দিন ধার্য করা হয়েছিল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, আদালত রোববার দুই পক্ষের উপস্থিতিতে বিচারক তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসানের দেওয়া প্রতিবেদন সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আদালত ২৫মে পরবর্তী শুনানির দিন ধার্য করে বিবাদী রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
 
প্রসঙ্গত, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদৌসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালত একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/জামান