শপথে শক্তিশালী ফ্রান্স গড়ার অঙ্গীকার ম্যাক্রোঁর

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল রবিবার এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ম্যাক্রনের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি শপথ নেয়ার পর তার বক্তব্যে বলেছেন, তিনি বিভক্তি দূর করে শক্তিশালী ফ্রান্স গড়ে তোলার চেষ্টা করবেন। তিনি ফ্রান্সের মাধ্যমে সারা বিশ্বে নবজাগরণ ফিরে আসবে বলে মন্তব্য করেন। খবর বিবিসি ও রয়টার্সের।

ম্যাক্রোঁ বলেন, ইউরোপসহ সারা বিশ্বের এমন এক ফ্রান্সকে দরকার, যে ফ্রান্স পূর্বের যে কোনো সময়ের থেকে জোরালোভাবে স্বাধীনতা ও ভ্রাতৃত্বের কথা বলতে পারবে। গতকাল সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক বৈঠকে বসেন ম্যাক্রোঁ। ওই বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, আজ সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়া হবে এবং কাল মঙ্গলবার দেশটির নতুন সরকার গঠন করা হবে। ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ ম্যাক্রন মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রার্থীকে পরাজিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দিগ্বিজয়ী বীর নেপোলিয়নের পর ম্যাক্রোঁই হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা।

ইত্তেফাক/নূহু