কোনো দলের ভিশন গ্রহণ হবে তা জনগণই ঠিক করবে: নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণই নির্ধারণ করবে তারা কাদের ভিশন গ্রহণ করবে। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের (বিএনপি) ভিশন, নাকি যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছে (আওয়ামী লীগ) তাদের ভিশন। তবে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনোভাবে পানি ঘোলা করার চেষ্টা করলে লাভ হবে না। গতকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নার্সেস এন্ড ওয়াইফারি অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। তারা নির্বাচনে আসবে ভাল কথা। আমরা স্বাগত জানাই।’ একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে। নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা ও বোনের ভালোবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে ঢাকা নার্সিং কলেজের সামনে থেকে নার্সদের এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নার্সেস এন্ড ওয়াইফারি অধিদদপ্তরের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন।  

সেবার উপর গুরুত্ব দিন

বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনায় শুধু ব্যবসায়িক স্বার্থ বিবেচনা না করে সেবাকে গুরুত্ব দিতে মালিক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সচিবালয়ে বেসরকারি মেডিক্যাল কলেজের মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন মেডিক্যাল কলেজের মালিক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজ থেকে চিকিত্সক তৈরি হয়। তাই এর শিক্ষার মান নিয়ে কোনো আপোস নেই। সম্প্রতি চারটি বেসরকারি মেডিক্যাল কলেজে চলমান শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত ও কয়েকটি কলেজকে আর্থিক জরিমানার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিচালনার নীতিমালা অনুযায়ী হাসপাতাল, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অন্যান্য সুবিধা পর্যাপ্ত না থাকায় সেই কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অন্যান্য কলেজগুলোর জন্য বিশেষ বার্তা।

ইত্তেফাক/নূহু