শ্রীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, আহত ৭

 
ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার ছনবাড়িতে সোমবার বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে সাত বাস যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের কিছু পরেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসটি পুড়ে যায়। এই সময় মহাসড়কটিতে যান চলাচল প্রায় আধা ঘণ্টা ধরে বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাড়ে ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 
 
পুড়ে যাওয়া বাসটি মহাসড়কের পাশে এবং কিছু দূরে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটিও বিধস্ত অবস্থায় পড়ে আছে। তবে চালকরা পলাতক রয়েছেন। 
 
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম জানান, ঢাকাগামী ইলিশ পরিবহনের মাওয়াগামী কাভার্ডভ্যানটির সঙ্গে প্রচন্ড শব্দে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুইটি যানই মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় এবং অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনা কবলিত যান দুইটি সরিয়ে নেয়ার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে