হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ গত ৯ মাসে দেড় হাজারেরও বেশি মামলা নিস্পত্তি হয়েছে লক্ষ্মীপুর আদালতে। এর মধ্যে বিভিন্ন মামলায় ২১ আসামির ফাঁসি, ৩৪ জনের যাবজ্জীবন ও কিছু আসামির বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বিচারাধীন মামলার রায় গুলো দ্রুত বাস্তবায়ন হওয়ায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বলে মত সংশ্লিষ্টদের। দ্রুত মামলা নিস্পত্তি হওয়ায় খুশি মামলার বাদী আইনজীবীসহ সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই আদালতে মামলার জট ছিলো। কিন্তু গত ৯ মাস আগে ড. আবুল কাশেম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে যোগদান করেন। এরপর থেকে বিচারকদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, ‘গত ৯ মাসে দেড় হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। এতো অল্প সময়ের মধ্যে বেশি মামলা নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে।’
ইত্তেফাক/কেকে