অভিষেকেই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন

ফরাসি প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল ম্যাক্রন তার প্রথম দিন শুরু করেছেন। সোমবার প্রথমদিনের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
 
এই নিয়োগ ম্যাক্রনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, তার পরিকল্পিত অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নিতে আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে তার ভালো করা প্রয়োজন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
এদিকে দিনের শেষভাগে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাত করতে ম্যাক্রন জার্মানি সফর করবেন বলে জানানো হয়েছে।
 
৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ও অর্থমন্ত্রী গতকাল এলিসি প্রাসাদে এক অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইউরোপপন্থী ম্যাক্রনের এ জার্মানি সফর অনেক গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু