খুলনায় হাতুড়ি পেটায় স্কুলছাত্র নিহত

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় হাসান শেখ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।  ঢাকায় নেয়ার পথে  সোমবার সকালে গোপালগঞ্জে তার মৃত্যু হয়। 
 
হাসান নগরীর গগণবাবু রোড এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। সে নগরীর রূপসা ইউসেফ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। ওই কিশোর একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।  এ ঘটনায় হাসানের মা হাসিনা বেগম খুলনা সদর থানায় মামলা করেছেন। 
 
খুলনা সদর থানার এসআই দেবব্রত হরি জানান, গত রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নগরীর রূপসা এলাকার ইউসেফ স্কুলের ছাত্র হাসান এবং ওই কিশোরের মধ্যে  তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে  ওই কিশোর নগরীর গ্লাক্সো মোড় এলাকার একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে হাসানের মাথায় আঘাত করে। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। সোমবার ঢাকা আনার পথে অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি