পবিত্র রমজান উপলক্ষে খুলনা মহানগরীর ১৫ পয়েন্টে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে। সোমবার থেকে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে।
ট্রাকে টিসিবির পণ্য বিক্রির নির্ধারিত স্থানগুলো হচ্ছে, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, বাংলাদেশ ব্যাংক মোড়, নতুন বাজার, রূপসা ট্রাফিক মোড়, শান্তিধাম মোড়, সাউথ সেন্ট্রাল রোড, ময়লাপোতা, নিরালা মোড়, গল্লামারী মোড়, নিউ মার্কেট, বয়রা ও বৈকালীর মোড়, খালিশপুর বিআইডিসি রোডের শিল্পাঞ্চল, চিত্রালী বাজার, নতুন রাস্তা মোড় ও ফুলবাড়িগেট মোড়।
খুলনা টিসিবির আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক গ্রাহক ৫ লিটার তেল এবং ৩ কেজি করে অন্যান্য পণ্য কিনতে পারবেন। আগামী ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব পণ্য পাওয়া যাবে।
এদিকে, সোমবার থেকে রমজান উপলক্ষে খুলনা বিভাগের দশ জেলা এবং গোপালগঞ্জ, পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় ২৫০ মেট্রিক টন চিনি, ১ লাখ ৯৫ হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ মেট্রিক টন ছোলা ও ৩০০ মেট্রিক টন মশুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি।
টিসিবি খুলনার আঞ্চলিক কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, দেশি চিনি কেজি প্রতি ৫৫ টাকা, মশুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। পাঁচটি ট্রাকের মাধ্যমে নগরীর ১৫টি পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। খোলা ট্রাকের পাশাপাশি টিসিবির নির্ধারিত ৪৮২ জন ডিলারও পণ্য বিক্রি করছেন।
ইত্তেফাক/এমআই