পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে রাজশাহীর মহানগীরর ৫টি পয়েন্টে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার সকাল থেকে খোলা ট্রাকে করে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে নগরীর নওদাপাড়া, রেলগেট, সাহেব বাজার জিরোপয়েন্ট, লক্ষীপুর মোড় এবং বিনোদপুর এলাকায়।
রাজশাহীর টিসিবির আঞ্চলিক কার্যালয় সূত্র থেকে জানায়, প্রত্যেক গ্রাহক একসঙ্গে ৫ লিটার তেল, ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল কিনতে পারবেন। রমজান মাসব্যাপী এভাবে খোলা ট্রাকে করে পণ্যগুলো বিক্রি করা হবে।
টিসিবি রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, দেশি চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৫টি ট্রাকের মাধ্যমে নগরীর ৫টি পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। মাসব্যাপী একটি ট্রাকে প্রায় দেড় টন পণ্য বিক্রি করা হবে। খোলা ট্রাকের পাশাপাশি টিসিবির নির্ধারিত ডিলার এসব পণ্য বিক্রি করবে। রাজশাহী জেলায় টিসিবির ৩৭৭ জন ডিলার উক্ত পণ্য বিক্রি করবে।
ইত্তেফাক/ইউবি