সরকারের উন্নয়ন প্রচারে মাঠে নেমেছে ছাত্রলীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল শক্তিশালী করতে মাঠে নেমেছে ছাত্রলীগ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নেতাদের নিয়ে কর্মশালা করে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারসহ নানা নির্দেশনা দিচ্ছেন ছাত্রলীগের নেতারা। 
 
এরই অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালার আয়োজন করে ছাত্রলীগ। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, সরকারি কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।
 
সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তৃণমূল নেতাদের বক্তব্য শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন। 
IMG0
সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের প্রাণ এই সংগঠনের নিবেদিত কর্মীরা। আপনাদের সুশৃঙ্খল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া এখন আমাদের মাধ্যমে সম্ভব। এই সোনার বাংলা যেন মাদকের কবলে গ্রাস না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 
 
ছাত্রলীগ সভাপতি বলেন, সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় হতে হবে। গত ৮ বছরে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন প্রকল্প ও এর বাস্তবায়নের চিত্র তুলে ধরতে হবে। ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ এর অগ্রগতি জানান দিতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতার পাশাপাশি নিজ এলাকায় নিরক্ষর মানুষদের স্বাক্ষরজ্ঞান দানে কাজ করতে হবে। 
 
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, আত্মা ছাড়া যেমন দেহের মূল্য নেই, তেমনি কর্মী ছাড়া সংগঠনের মূল্য নেই। আপনারা ছাত্রলীগের নেতা-কর্মী। আপনারাই ছাত্রলীগের প্রাণভ্রমরা। আপনাদের সুশৃঙ্খলা নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সব নির্দেশনা বাস্তবায়নে আপনাদের নিরলস পরিশ্রম করতে হবে। 
 
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, যুগ্ম সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি