রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে গাড়ি চালক বিল্লালকে র্যাব গ্রেফতার করে। একই সময়ে গুলশান এলাকা থেকে দেহরক্ষী রহমত আলীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর এই দুইজনকে রাতেই মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
তাদের গ্রেফতারের খবরটি ডিএমপি’র মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কে ব্লকের ২৭ নম্বর ৪৯ নম্বর বাড়িতে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, ই-মেকার্স বাংলাদেশের মালিক নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেনকে আসামি করে একজন ছাত্রী মামলা করেন।
ইত্তেফাক/এমআই