সবার আগে কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ

ফেডারেশন কাপ ফুটবলে সবার আগে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ এমএফএস। ‘ডি’ গ্রুপে টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে পুরান ঢাকার দলটি। একই গ্রুপ থেকে রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আশা শেষ হয়ে যায়নি গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা বিজেএমসি’র।
 
কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিরুদ্ধে ড্র করেছিল তারা। এখন রহমতগঞ্জের কাছে যদি গোপীবাগের দলটির হারের ব্যবধান বেশি হয় তাহলে গোল ব্যবধানে শেষ আটে জায়গা পাবে তারা। 
 
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কামাল বাবুর শিষ্যরা। ফল পেতেও খুব বেশী সময় অপেক্ষায় থাকতে হয়নি রহমতগঞ্জ শিবিরকে। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। অধিনায়ক নাঈমুর রহমান শাহেদের কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে নিশানা ভেদ করেন নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাগি (১-০)। কর্নার পাওয়াতে রক্ষণভাগ ছেড়ে ওপরে এসেছিলেন এ ডিফেন্ডার। ১২ মিনিট পর আবারো উল্লাসে মেতে উঠে পুরান ঢাকার ক্লাবটি। 
 
এবার ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ। সতীর্থ গিনিয়ান স্ট্রাইকার ইসমাঈল বাঙ্গুরার বাড়ানো বল নিয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডি বক্সে গিয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় কৌণিক শটে বিজেএমসির জালে বল জড়ান তিনি (২-০)।  দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা হাল্কা মেজাজে খেলেও আরো একটি গোল আদায় করেছে রহমতগঞ্জ। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলী স্ট্রাইকার রাশেদুল ইসলাম শুভ গোল করলে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় নাঈমুর রহমান শাহেদের শিষ্যরা। ইলিয়াসের ব্যাক হিল থেকে পাওয়া বলে দারুণ এক শটে বিজেএমসি’র গোলরক্ষক পলাশকে পরাস্ত করেন তিনি (৩-০)।
 
আগামী বুধবার বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে রহমতগঞ্জ।
 
ইত্তেফাক/সাব্বির