বার্ষিক স্কাইডাইভিং প্রতিযোগিতার দর্শকরা আকাশের দিকে তাকালে তাদের মনে হতে পারে সারি সারি ঘুড়ি উড়ছে। প্যারাসুটের মাধ্যমে কসরত দেখানোসহ নানা ধরনের এয়ার শো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে থাকেন প্রতিযোগিরা। তবে এদিন আনুষ্ঠানিক প্রতিযোগিতা না হলেও ব্রিটিশ যুদ্ধে অংশগ্রহণকারী শতবর্ষী বৃদ্ধ ভারদুন হায়েসের স্কাইডাইভিং দেখতে দর্শকদের উত্সাহের কোন কমতি ছিল না। ১০১ বছর ৩৮ দিন বয়সী ভারদুন হায়েস সফলভাবে স্কাইডাইভিং সম্পন্ন করে গড়েছেন গিনেস রেকর্ড। প্রশিক্ষককে সাথে নিয়ে তিনি যখন প্লেন থেকে লাফিয়ে পড়েন তখন অনেকটাই চিন্তামুক্ত ছিলেন ভারদুন। ১৫ হাজার ফুট উচ্চতা থেকে ভারদুন লাফানোর সময় যুক্তরাজ্যের ডেভন বিমানঘাঁটিতে অপেক্ষা করছিলেন তার স্বজনরা। ৯০ বছর বয়স থেকে স্কাইডাইভিং করার পরিকল্পনা করছেন ভারদুন। কিন্তু স্ত্রীর আপত্তির মুখে সেই সাধ অপূর্ণই থেকে যাচ্ছিল। স্ত্রীর মৃত্যুর পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। শততম জন্মদিনে প্রথমবারের মতো স্কাইডাইভিং করেন তিনি। এবারের স্কাইডাইভিংয়ের আলাদা একটা উদ্দেশ্যও কিন্তু রয়েছে, ব্রিটিশ বিমান বাহিনীর জন্য অর্থ সংগ্রহ করা।-গার্ডিয়ান
ইত্তেফাক/নূহু