ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, দায়িত্ব গ্রহণের দুই বছরে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। তিলোত্তমা ঢাকা গড়তে আমাদের পাশেই থাকুন। দেখবেন প্রতি মাসেই বদলে যাবে ঢাকা।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ‘ঢাকা উত্তর সিটি : প্রচেষ্টার ২ বছর’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে উত্তর সিটি করপোরেশনের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন আনিসুল হক।
মেয়র বলেন, অনেকে বলে ঢাকা শহর বসবাসের অযোগ্য। আমি একমত নই। কারণ ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে ৯২ হাজার লোক বাস করে। এতো লোককে ম্যানেজ করা কঠিন বলে জানান তিনি।
আনিসুল হক বলেন, দুই বছরে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি বড় চ্যালেঞ্জ ছিল। দুই বছরে ৪৫০টির মতো বাড়ি, ২ হাজার ৭৬৭টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা সড়কের পরিমাণ ৩ লাখ ৩০ হাজার বর্গফুট।
নগর অ্যাপ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ডিসেম্বরের মধ্যে ১১টি ইউলোপ স্থাপন ও নতুন আরও এক হাজার কোটি টাকা ব্যয়ে ১৩০০ রাস্তার উন্নয়ন কাজ করা হবে। এ ছাড়া রাস্তায় ৪ হাজার আধুনিক বাস নামানো হবে। মশক নিধনে এবারের বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে মেয়র জানান।
মতবিনিময় সভায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়র বলেন, এ বছরের মধ্যেই কাওরান বাজার থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু