নেত্রকোনা পৌর এলাকার প্রধান সড়ক সংস্কার কাজ নিয়ে তেলেসমাতি কারবার চলছে। যথাসময়ে সংস্কার কাজ না হওয়ায় ঠিকাদার বড় না পৌর কর্তৃপক্ষ বড় এ নিয়েও পৌরবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান সড়কের অবস্থা খুবই খারাপ।
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া থেকে তেরীবাজার মোড় হয়ে রাজুর বাজার পর্যন্ত প্রায় তিন কি.মি সড়ক নষ্ট হওয়ার পর নতুন করে সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ দেয়। যথাসময়ে টেন্ডার হওয়ার পর গত মার্চ মাসে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারকে কার্যাদেশও দেয়। কিন্তু এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি নেই। সড়কে এখন এত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছে ছোট ছোট যানবাহন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অটো দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারকে কাজ করার জন্য ইতোমধ্যে দুটি চিঠি দেওয়া হয়েছে এবং মৌখিকভাবেও তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, ঠিকাদারকে বার বার সড়ক সংস্কারের জন্য বলা হচ্ছে। কিন্তু ঠিকাদার কাজ করছে না। এদিকে ঠিকাদার জানান, তিনি কাজটি নেননি। তার লাইসেন্সে অন্য একজন কাজ নিয়েছেন। নেত্রকোনা পৌরবাসী অতি দ্রুত মূল সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/নূহু