পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত: গেইল

 
শক্তি ও পারফরমেন্সের বিচারে পাকিস্তানে চেয়ে এগিয়ে থেকেই ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল।
 
ভারত-পাকিস্তান লড়াই টুর্নামেন্টের সবচেয়ে আর্কষণীয় ম্যাচ হবে মন্তব্য করে গেইল বলেন, ‘আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হবে এটি এবং দুর্দান্ত একটি লড়াই আমরা দেখতে পাবো। তবে এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতই এগিয়ে থাকবে।’
 
আগামী পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসরে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
 
স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ৪ জুনের ম্যাচটি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে আর্কষণীয় ম্যাচ। ভারত-পাকিস্তানের ওই ম্যাচের দিকেই নজর ক্রিকেট বিশ্বের। এ ম্যাচের দিকে তাকিয়ে থাকা গেইল বলেন, ‘সবার নজর ওই ম্যাচকে ঘিরে। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তির ম্যাচ। আমরা ভালো একটি লড়াই দেখবো।’
 

ইত্তেফাক/এএম।