উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ কড়া পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে নিরাপত্তা পরিষদ। খবর বার্তা সংস্থা- এএফপি’র।
উত্তর কোরিয়া বারবার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমানবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে। সে লক্ষে তারা শক্তিশালী পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। রবিবার তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেটি উত্তর কোরিয়ার এযাবতকালের সবচেয়ে দীর্ঘপাল্লার বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ং জানায়, তাদের হোয়াসং-১২ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি ‘শক্তিশালী পরমাণু বোমা’ বহনে সক্ষম।
IMG0
সোমবার উত্তর কোরিয়ার মূল মিত্র চীনসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরাষ্ট্র পিয়ংইয়ংয়ের তীব্র এই অস্থিতিশীল আচরণের জন্যে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অঙ্গীকার করে। যুক্তরাষ্ট্রও সম্ভাব্য নতুন অবরোধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার নিরাপত্তা পরিষদ ফের রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সেতু