সাংবাদিক জুটন চৌধুরীর পাশে দাঁড়ালো অঙ্গীকার নাট্যদল এবং অঙ্গীকার সামাজিক সাংস্কৃতিক সংঘ। গত শনিবার শিল্পকলার স্টুডিও থিয়েটার তাদের ৭ম প্রযোজনা ‘মগজ ধোলাই’ নাটকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
নাটকটির রচনায় ছিলেন আসিফ মো. নজরুল এবং নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন আতাউর রহমান এবং নাট্যকার মাসুম রেজা। অনুষ্ঠান শেষে সাংবাদিক মনিরুল ইসলাম এর হাতে ক্লোন ক্যান্সারে আক্রান্ত জুটন চোধুরীর জন্য ১০ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন পরিচালক বিপ্লব শরীফ ও সাংবাদিক ফিরোজ আলম মিলন।
এ প্রসঙ্গে দল প্রধান আসিফ মো. নজরুল বলেন, আসলে একটি নাটকের টিকেট বিক্রি কখনো আশানুরুপ হয় না, যা দিয়ে সব খরচ মিটিয়ে একজন মানুষের পাশে দাঁড়ানো যায় । এরপরও মানবিক কারণে আমরা দল থেকে উদ্যোগ নিয়েছি জুটন চৌধুরীর জন্য যথাসাধ্য কিছু করার।
সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, জুটন আমার ছোট ভাইয়ের মত। তার সঙ্গে একত্রে সংগঠন করি। এখন তার সাহায্যের দরকার আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি এবং জানাচ্ছি কিন্তু অনেক জায়গা থেকেই হতাশ হয়ে ফিরে এসেছি। একটা নাট্যদল শো করে আর কত টাকা আয় করতে পারে। এরপরও আসিফ নজরুল তথা অঙ্গীকার এর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
ইত্তেফাক/ইউবি